কালীগঞ্জে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা-সুলতানপুর থেকে পুলিশ একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার ভাড়াসিমলা-সুলতানপুরের মধ্যবর্তী শেখ আবদুস সাত্তারের দোকানের পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, একটি রামদা ও একটি শাবল উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির নাম নোবা সরদার (৫৫)। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে।
কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সামছুর রহমান জানান, সকাল ছয়টার দিকে ভাড়াসিমলা ও সুলতানপুরের মধ্যবর্তী মুদি দোকানদার শেখ আবদস সাত্তারের দোকানের পাশে কালভার্টসংলগ্ন ধানখেতে একটি গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে খবর দেন। বিষয়টি কালীগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ সকাল সাতটার দিকে ওই লাশ উদ্ধার করে।
নিহত নোবা সরদারের ছেলে লিটন সরদার জানান, নোবা সরদার কয়েক দিন ধরে বাড়িতে ছিলেন। ভাড়াসিমলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু শেখর হালদার জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে মালামাল ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। লাশের পরনে চেক লুঙ্গি ও লম্বা চেকের জামা ছিল। লাশের পাশে একটি রামদা, একটি শাবল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বুকের ডান পাশে দুটি গুলির চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান দাবি, তিনি জানতে পেরেছেন, নিহত ব্যক্তি কালীগঞ্জ থানার কাশিবাটি গ্রামের নাম নোবা সরদার। তিনি চারটি হত্যা মামলা, পুলিশের ওপর হামলাসহ একটি চাঁদাবাজির মামলা ও ডাকাতির ১৮টি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। এ ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, এসআই মনির হোসেন সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।