কালীগঞ্জে কলেজে তালা, চেয়ারম্যানের নামে মামলা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজের ফটকে তালা লাগানো এবং শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে মামলা হয়েছে। কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল ইসলাম গত বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান চৌকিদার ও কিছু উচ্ছৃঙ্খল লোকজন নিয়ে কলেজে ঢুকে মিছিল শুরু করে। এই সময় কলেজে পরীক্ষা চলছিল। হঠাৎ ক্যাম্পাসে স্লোগান শুনে শিক্ষক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই সময় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ও তাঁর লোকজন কলেজ পরিচালনা পর্যদের সভাপতি, সদস্য, শিক্ষক ও উপাধ্যক্ষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে চলে যান।
কলেজ সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর রাতে কলেজের গুরুনানক লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কম্পিউটার ল্যাব থেকে তিনটি মনিটর, একটি ক্যামেরাসহ প্রায় তিন লাখ টাকার সরঞ্জাম চুরি হয়। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ৮ ডিসেম্বর থানায় মামলা করে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা কলেজের গ্রন্থাগারিক নূর আমিনকে অধ্যক্ষের জিম্মায় পুলিশ ছেড়ে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যান কলেজে তালা লাগিয়েছেন ও শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।
কলেজের অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলাম জানান, গ্রন্থাগারিক নূর আমিনকে তাঁর জিম্মায় দেওয়ায় ইউপি চেয়ারম্যান কলেজে এসে তাঁদের হুমকি-ধমকি দিয়েছেন ও বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন।
কাকিনা ইউপির চেয়ারম্যান হাফিজুর রহমান চৌকিদার ও স্থানীয় লোকজনকে নিয়ে কলেজে যাওয়ার কথা স্বীকার করেছেন। কলেজের শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ ও কলেজে তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কাল সোমবার ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যা বলার বলবেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, ঘটনা তদন্ত করা হবে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।