কালীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জে গত সোমবার রাতে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ হলেন উপজেলার জামালপুর সরকারবাড়ী এলাকার ফটিক সরকারের মেয়ে সুমি আক্তার (২৩)।
পুলিশ ও নিহত গৃহবধূর স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার বড়নগর গ্রামের নুর হোসেনের ছেলে সৌদিপ্রবাসী মারুফ হোসেনের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর আগে সুমি আক্তারের বিয়ে হয়। কিছুদিনের মধ্যে সৌদি আরবে স্বামীর কাছে যাওয়ার কথা ছিল সুমির। এর প্রস্তুতিও প্রায় সম্পন্ন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ নানা অজুহাতে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই সুমিকে নির্যাতন করতেন। তাঁকে বাবার বাড়িতেও যেতে দেওয়া হতো না। সোমবার ছিল সুমির বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী। সুমি ওই অনুষ্ঠানে যেতে চাইলেও শ্বশুর-শাশুড়ি তাঁকে যেতে দেননি। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে সোমবার রাতে তাঁকে নির্যাতন করেন শ্বশুরবাড়ির লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় সুমিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গভীর রাতে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, সুমির থুতনি ও কানের নিচে এবং গলা ও পিঠে কালচে দাগ রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শ্বশুর-শাশুড়ি, ননদসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক।