কালীগঞ্জে চালবোঝাই ট্রাক ছিনতাই
৩৭০ বস্তা চালবোঝাই একটি ট্রাক গতকাল মঙ্গলবার ভোরে গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে ছিনতাই হয়েছে। ট্রাকটি শেরপুর থেকে নরসিংদী আসছিল।
পুলিশ ও সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, শেরপুরের এমকে রাইস এজেন্সির কাছ থেকে নরসিংদীর মেসার্স লক্ষ্মী ভান্ডার ৫০ কেজি ওজনের ২৯৪ বস্তা বিআর-২৮ চাল এবং ৭৬ বস্তা নাজিরশাইল চাল কেনে। ওই চালের বস্তা বোঝাই করে একটি ট্রাক গত সোমবার রাত আটটায় নরসিংদীর উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি রাত চারটার দিকে কালীগঞ্জ এলাকায় পৌঁছালে চার-পাঁচজনের একদল ছিনতাইকারী ব্যক্তিগত গাড়ির মাধ্যমে ট্রাকটি থামায়। তারা অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে চালবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। গতকাল রাত আটটা পর্যন্ত ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।
লক্ষ্মী ভান্ডারের মালিক ও নরসিংদী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শীতল চন্দ্র সাহা বলেন, ছিনতাই হওয়া চালের মূল্য প্রায় সাত লাখ টাকা।
নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গতকাল সন্ধ্যায় একটি জিডি করেছেন। চালসহ ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।