কালীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকায় চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ওই যুবকের (৩০) পরনে ছিল প্যান্ট ও লাল-সবুজ গেঞ্জি। এ ছাড়া লাশের পাশে রক্তমাখা একটি গামছা ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে ওই যুবক উপজেলার ঘোনাপাড়া এলাকার শাওন মিয়ার একটি ঘরের কাছে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাঁকে দেখতে পেয়ে শাওন চোর চোর বলে চিৎকার দেন। এ সময় যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিয়ে যুবককে ধরে ফেলে। পরে তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। একপর্যায়ে যুবক মূর্ছা যান। পরে তাঁকে আড়িখোলা রেলস্টেশনের প্রায় ২৪ থেকে ২৫ ফুট দূরে ফেলে রাখা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, গুরুতর আহত অবস্থায় ওই যুবক বলেছিলেন তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তিনি টঙ্গীর বাস্তুহারা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
জানতে চাইলে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই যুবককে অমানবিকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পিটিয়ে তাঁর দুটি পা ভেঙে ফেলা হয়। এ ছাড়া তাঁর হাতে জখম ও কোমরের দিকে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।