কালীগঞ্জে ছিনতাই হওয়া ১০০ বস্তা চাল উদ্ধার পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে ছিনতাই হওয়া ১০০ বস্তা চাল উদ্ধার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে এই চাল উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইচক্রের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছে শিবপুরের বাজনাব এলাকার মোবারক হোসেন মোল্লা (২৮), কুমরাদী এলাকার আরিফ হোসেন (২২), ইটাখোলা মুন্সেফেরচর এলাকার বিল্লাল হোসেন (২৫), ভোলার দৌলতখান উপজেলার আবদুল মান্নান (৩০) ও ঝালকাঠির নলসিটি থানার জাহিদ হোসেন (২৫)।
পুলিশ জানায়, শেরপুরের এম কে রাইস এজেন্সির কাছ থেকে নরসিংদীর মেসার্স লক্ষ্মী ভান্ডার ৫০ কেজি ওজনের ২৯৪ বস্তা বিআর-২৮ চাল ও ৭৬ বস্তা নাজিরশাইল চাল কেনে। ওই চাল নিয়ে একটি ট্রাক গত সোমবার রাত আটটায় নরসিংদীর উদ্দেশে রওনা হয়। ট্রাকটি মঙ্গলবার ভোর চারটার দিকে কালীগঞ্জ এলাকায় পৌঁছালে চার-পাঁচজনের একটি দল ট্রাকটির পথ রোধ করে। তারা অস্ত্রের মুখে চালক ও তাঁর সহকারীকে জিম্মি করে ৩৭০ বস্তা চালবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মেসার্স লক্ষ্মী ভান্ডারের মালিক নরসিংদী সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারকে। পরে তাঁর নেতৃত্বে পুলিশে একটি দল শিবপুরের ইটাখোলায় অভিযান চালিয়ে ১০০ বস্তা চাল উদ্ধার করে।
এসআই আবদুল গাফফার বলেন, এ ঘটনায় আরও চার-পাঁচ ব্যক্তি জড়িত আছে। তাদের গ্রেপ্তার ও বাকি চাল উদ্ধারে অভিযান চলছে।