কালীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার শিবনগর গ্রামের দাসপাড়ায় চিত্রা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মিলা রানি (৬৫)। তিনি ওই গ্রামের মল্লিক চন্দ্র দাসের স্ত্রী। বিভিন্ন মানুষের ঘরে গৃহপরিচারিকার কাজ করতেন। সরেজমিনে তাঁর বাঁ চোয়ালে কোপের চিহ্ন দেখা গেছে।

মিলা রানির পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে মিলা রানি নদীতে গোসল করতে যান। গোসল শেষে ফেরার পথে তাঁকে হত্যা করা হয়। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা পুলিশসহ কেউ এখনো বলতে পারছে না। তবে অন্য এক নারী দূর থেকে মিলা রানির সঙ্গে এক ব্যক্তির ধস্তাধস্তি হতে দেখেছেন বলে জানা গেছে।

মিলা রানির প্রতিবেশী পবন দাস প্রত্যক্ষদর্শী ওই নারীর বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ওই নারী দূর থেকে এক ব্যক্তির সঙ্গে মিলা রানিকে ধস্তাধস্তি হতে দেখেন। এর কিছুক্ষণ পর আশপাশের লোক তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসীর কেউ কেউ মনে করছেন, বাড়ি ফেরার পথে মিলা রানি অপরাধ-সংশ্লিষ্ট কোনো দৃশ্য দেখে ফেলেন। যার পরিপ্রেক্ষিতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।