কালীগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহর আলী তরফদার (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেলেদোনা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহর আলী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আবদুর জব্বার গাজী তরফদারের ছেলে। পুলিশ ও গ্রামবাসী জানিয়েছেন, এলাকায় শহর আলী ‘ডাকাত’ বলে পরিচিত।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাসের ভাষ্য, একদল সশস্ত্র ডাকাত বেলেদোনা গ্রামের একটি মাঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে গ্রামবাসী তাঁকে ডাকাত সরদার শহর আলী তরফদার বলে শনাক্ত করেন।