কালীগঞ্জে প্রভাষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে তাঁর কার্যালয়ও। গত সোমবার কলেজ চলাকালে এসব ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌছ মিয়া ঘটনার দিন নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন। বেলা সোয়া ১১টার দিকে কলেজের জুনিয়র প্রভাষক মো. শরীফ হোসেন অধ্যক্ষের কার্যালয়ে যান। তখন সেখানে তাঁরা দুজন ছাড়া আর কেউ ছিলেন না।
অধ্যক্ষ ফেরদৌছ মিয়া অভিযোগ করেন, প্রভাষক শরীফ কক্ষে ঢুকেই তাঁকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। তিনি কলেজের গ্রন্থাগারিক দেলোয়ার হোসেনকে একজন পিয়ন নিয়োগ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদুল হাসানকে বিভাগীয় চেয়ারম্যান করার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করেন। এতে তিনি অস্বীকৃতি জানালে প্রভাষক শরীফ উত্তেজিত হয়ে ওঠেন। তিনি চেয়ার দিয়ে টেবিলের কাচ ও জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁকেও চেয়ার দিয়ে আঘাত করেন। এ সময় দুজনের চিৎকার-চেঁচামেচি শুনে অন্য শিক্ষকেরা এগিয়ে এলে প্রভাষক শরীফ হুমকি-ধমকি দিয়ে চলে যান।
এ ঘটনার পর কলেজের শিক্ষকেরা জরুরি সভায় বসেন। প্রভাষক শরীফের বিরুদ্ধে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তাঁরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
খবর পেয়ে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ ও প্রতিমন্ত্রী মেহের আফরোজকেও বিষয়টি জানানো হয়েছে।
এ ঘটনায় অধ্যক্ষ গতকাল থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানতে চাইলে ফেরদৌছ মিয়া বলেন, একজন প্রভাষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছে।
প্রভাষক শরীফ ক্ষিপ্ত হয়ে ঘুষি দিয়ে অধ্যক্ষের টেবিলের কাচ ভাঙার কথা স্বীকার করলেও অধ্যক্ষকে আঘাত করার অভিযোগ অস্বীকার করেছেন। তবে কাজটি তাঁর অন্যায় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নিতাই চন্দ্র সরকার জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।