কালীগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার কাপাইস গ্রামের একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে কাপাইস দুর্গামন্দিরের সভাপতি কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ও গাজীপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মণীন্দ্র চন্দ্র মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রণয় কুমার দাস জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো উপজেলার কাপাইস দুর্গামন্দিরেও আচার্য দিয়ে প্রতিমা নির্মাণের কাজ চলছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে ওই মন্দিরের আচার্যরা নির্মাণকাজ শেষ করে ঘুমাতে যান। গতকাল ভোরে মন্দিরের সহসভাপতি মন্দিরে গিয়ে দেখেন, কে বা কারা গণেশ, কার্তিক, অসুর, সিংহ প্রতিমা ভাঙচুর করেছে। পরে বিষয়টি স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অবগত করলে তিনি ইউএনও ও থানার ওসিকে জানান। পরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মন্দিরের সভাপতি ও কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক নয়ন চন্দ্র দাস কালীগঞ্জ থানায় জিডি করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’