কালীগঞ্জে যুবকের লাশ উদ্ধার পরিবার বলছে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে গতকাল রোববার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত যুবকের পরিবার বলছে, তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত যুবক হলেন চিত্তরঞ্জন শীল (৪০)। তাঁর বাড়ি উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন মামাবাড়িতে থেকে পাশের দোলন বাজারের একটি সেলুনে কাজ করতেন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তাঁরা স্বামী-স্ত্রী দুজনই বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী খায়রুল আলমের পক্ষে কাজ করছিলেন। অন্যদিকে চিত্তরঞ্জনের মামাদের পরিবার আওয়ামী লীগের প্রার্থী ফারুক মাস্টারের সমর্থক। গত শনিবার দুপুরে দুই মামাতো ভাই হৃদয় শীল, সঞ্জয় শীলসহ আরও কয়েকজন ঘরে ঢুকে চিত্তরঞ্জন ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় চিত্তরঞ্জনের স্ত্রী অঞ্জলি রানী বিকেলে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ঘটনাস্থলেও যায়নি। রাতে চিত্তরঞ্জন বাজার থেকে বাড়ি ফিরে ঘরের বাইরে ঘুমিয়ে ছিলেন। গতকাল ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি বাঁধা অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার দে সকাল সাতটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত যুবকের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
উপপরিদর্শক চন্দন দে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে।
গতকাল দুপুরে কালীগঞ্জ থানায় গিয়ে দেখা যায়, অঞ্জলি রানী বিলাপ করছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ওসি মুস্তাফিজুর রহমান তাঁর কোনো কথাই কানে নিচ্ছেন না। থানায় আসার পর একাধিকবার তিনি তাঁকে (অঞ্জলি) গালাগাল ও হুমকি-ধমকি দিয়েছেন। সকাল সাতটায় লাশ উদ্ধার করে মর্গে না পাঠিয়ে বেলা দুইটা পর্যন্ত থানায় আটকে রাখেন। অঞ্জলি রানী আরও বলেন, ‘আমার অভিযোগ না শুনে ধমক দিয়ে লিখিত কাগজে সই করতে বলেন ওসি। তাঁর ভয়ে ওই কাগজেই সই দিয়েছি। আমরা যাঁর বিরুদ্ধে অভিযোগ দেব, সেই ফারুক মাস্টারের সঙ্গে থানায় বসে দীর্ঘ বৈঠক করেছেন।’ আহাজারি করে তিনি বলেন, ‘শনিবার অভিযোগ দেওয়ার পর পুলিশ ব্যবস্থা নিলে আমার স্বামীকে এভাবে প্রাণ দিতে হতো না।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই নারীর স্বামী মারা গেছে, তাঁকে গালিগালাজ করব কেন। তাঁকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এ ছাড়া এটি আত্মহত্যার ঘটনা হওয়ায় অপমৃত্যুর মামলা হয়েছে।’