কালীগঞ্জে শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষককে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম আবদুল্লাহ আল মামুন। তিনি ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত ওই বরখাস্তের চিঠি উপজেলা শিক্ষা কার্যালয়ে পৌঁছেছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি দেখেন, বিদ্যালয়টি নির্দিষ্ট সময়ের অনেক আগে ছুটি হয়ে গেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসা করলে তিনি শিক্ষা কর্মকর্তার ওপর চড়াও হন। একপর্যায়ে মারতেও উদ্যত হন তিনি। ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক এগিয়ে আসেন। এরপর শিক্ষা কর্মকর্তা পরিদর্শন বইতে ঘটনার কথা উল্লেখ করে স্বাক্ষর করে চলে আসেন। পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বরখাস্তের খবর লোক মুখে শুনেছি। কিন্তু আমি এখনো চিঠি হাতে পাইনি।’ গতকাল শনিবার বর্তমান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, রোববার তাঁকে (প্রধান শিক্ষক) বরখাস্তের চিঠি দেওয়া হবে।