কালীগঞ্জে শিক্ষার্থীকে মারধর, শিক্ষক সাময়িক বরখাস্ত
ক্লাসের পড়া শিখে না আসায় শিক্ষকের পিটুনিতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। পরে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন গতকাল সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পানি খাওয়ার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, গত রোববার বেলা দুইটার দিকে শিক্ষক আবদুল কাদের খান পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস নিচ্ছিলেন। এ সময় ক্লাসে উপস্থিত অধিকাংশ শিক্ষার্থী পড়া না পারায় তিনি সবাইকে মারধর করতে শুরু করেন। এ সময় তাঁর মারধরে রিনা আকতার, তৃষ্ণা রানী ও বিউটি রানী নামের তিন ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্কুলের পাশের এক বাড়িতে নিয়ে ওই তিন ছাত্রীর সেবা-শুশ্রূষা করা হয়। পরে অভিভাবকেরা খবর পেয়ে সন্তানদের বাড়িতে নিয়ে যান। এখন ওই তিন ছাত্রী নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছে।
এ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন বর্মন। তিনি ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি শুনে উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) স্বপন কুমার দাসকে লিখিতভাবে জানান। এরপর স্বপন কুমার দাস লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিনকে একটি প্রতিবেদন দেন। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল নবেজ উদ্দিন অভিযুক্ত সহকারী শিক্ষক আবদুল কাদের খানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বলেন, তিনি দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করেন। পরে সাময়িক বরখাস্তের নির্দেশনাসংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন।
অভিযুক্ত শিক্ষক আবদুল কাদের খান বলেন, প্রতিদিনই ওই তিন ছাত্রী পড়াশোনা না করেই বিদ্যালয়ে আসত। সে কারণে তিনি তাদের সামান্য মারধর করেছেন।
এদিকে গতকাল সোমবার অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন। এ সময় তাঁরা স্কুলচত্বরে বিক্ষোভ করতে থাকেন। পরে শিক্ষকের সাময়িক বরখাস্তের খবর পেয়ে পরিস্থিতি শান্ত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ রায় বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো শিক্ষক এ ধরনের আচরণ করতে পারেন না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে বিধি অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।