সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহে উপজেলার নলতা ইউনিয়নে অন্তত ২০ জনের মুঠোফোনে ফোন করে চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় চার ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোনাটিকারী গ্রামের বাসিন্দা মাহাবুবল হকের নলতা বাজারে কাপড়ের দোকান রয়েছে। তিনি বলেন, গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এক ব্যক্তি সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে ২ লাখ টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেয়। বিকেলে তিনি কালীগঞ্জ থানায় জিডি করেন।
নলতা বাজারের আরেক ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, বুধবার সকাল ১০টায় তাঁর কাছে সর্বহারা পার্টির সদস্য শ্যামল পরিচয়ে মুঠোফোন থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সন্ধ্যার মধ্যে চাঁদার টাকা না পেলে সকালের মধ্যে লাশ পড়ে যাবে বলে হুমকি দেওয়া হয়। তিনিও বুধবার কালীগঞ্জ থানায় একটি জিডি করেন।
নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, গত সোমবার সকাল সাড়ে ১০টায় সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে শ্যামল নামে একজন ২ লাখ টাকা চাঁদা চান। টাকা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন তিনি।
একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তী ও কর্মচারী আহছান রাজীব বলেন, গত শনিবার সকালে দুটি পৃথক মুঠোফোন নম্বর থেকে সর্বহারা পার্টির পক্ষ থেকে এক ব্যক্তি ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
শুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম বলেন, সোমবার বেলা তিনটায় মুঠোফোনে শ্যামল পরিচয়ে এক ব্যক্তি সর্বহারা পার্টির নামে ৫ লাখ টাকা চাঁদা চায়। তিনি সন্ধ্যায় একটি বিকাশ নম্বরে ১২ হাজার টাকা দেন। চাঁদা চেয়ে আবারও তাঁর কাছে ফোন এসেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক বলেন, এলাকায় সর্বহারা পার্টির কোনো অস্তিত্ব নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতারক চক্রের কাজ। সর্বহারা পার্টির নামে চাঁদা দাবি ও হুমকি-ধমকির অভিযোগে চারজন জিডি করেছেন। বিয়য়টি তদন্ত করে দেখা হচ্ছে।