ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করার প্রতিবাদে গতকাল রোববার জেলার কালীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। নিমতলা বাসস্ট্যান্ডে এই কর্মসূচির পর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লার দপ্তরে গিয়ে স্মারকলিপি দেন।
এর আগে গত মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাব, শৈলকুপা প্রেসক্লাব ও মহেশপুর সাংবাদিক সমাজ নানা কর্মসূচি পালন করে আজাদ রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
গতকাল নিমতলা বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আজাদ রহমান সৎ ও নির্ভীক সাংবাদিকতা করেন। তিনি সাংবাদিক জীবনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কলম ধরেছেন। সেই দুর্নীতিবাজেরা আজ তাঁর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাঁর কলম বন্ধ করতে চায়। তাঁরা উল্লেখ করেন, যে ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই ঘটনায় যে অনিয়ম-দুর্নীতি হয়েছে, তা প্রথম আলোর অনুসন্ধানী খবরগুলো পড়লে কারও বুঝতে বাকি থাকে না। ওই সাংবাদিক যাতে এ নিয়ে আর সংবাদ প্রকাশ না করতে পারেন, তাই মিথ্যা মামলা দিয়ে তাঁকে এলাকাছাড়া করা হয়েছে। সাংবাদিকেরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা ঘোষণা দেন।
সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক শাহজাহান আলী, এম এ কাদের, সিরাজুল ইসলাম, গোলাম রসুল, এনামুল হক, মিঠু মালিথা, মিজানুর রহমান, সোলায়মান হুসাইন প্রমুখ। এ ছাড়া এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।
এদিকে সাংবাদিক আজাদ রহমানের নিজ উপজেলা ঝিনাইদহের কালীগঞ্জের ছয়টি পেশাজীবী সংগঠন বিবৃতি দিয়ে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনগুলো হচ্ছে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়ন, কালীগঞ্জ রিকশা-ভ্যানচালক ইউনিয়ন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কালীগঞ্জ হাটচাঁদনী কাঁচামাল ও পাকামাল ব্যবসায়ী সমিতি এবং কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।
প্রসঙ্গত, গত ২৭ মে প্রথম আলোয় ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর সংসদে সংবাদটি অসত্য দাবি করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী একটি বিবৃতি দেন। প্রথম আলো আবারও অনুসন্ধান করে ২ জুলাই সংবাদের সত্যতা তুলে ধরে আরেকটি সংবাদ প্রকাশ করে। ওই দিনই নতুন লাঙল কেনেন কয়েকজন কৃষক। ৩ জুলাই পুরোনো তদন্ত কমিটি তদন্তে আসে, যা ৪ জুলাই প্রথম আলোতে ছবিসহ আবারও প্রকাশিত হয়।