কালীগঞ্জে হাসপাতাল ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী বহনে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যুর পর তাঁর ক্ষুব্ধ স্বজনদের হাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে বাবুল মিয়া (৪৫) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু ওই সময় হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সটি ছিল না। রোগীর স্বজনেরা অন্যত্র অ্যাম্বুলেন্স আনতে যাওয়ার ফাঁকে বাবুল মিয়া মারা যান। তখন রোগীর পক্ষের লোকজন উত্তেজিত হয়ে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং জরুরি বিভাগের কম্পিউটার, টেবিল-চেয়ার ও চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন, ইনডোর চিকিৎসক আশীষ কুমার বণিক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবদুল মোতালিব আহত হন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অরূপ কুমার দাস বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে আউটডোরে চিকিৎসাসেবাও।

রোগীর আত্মীয় কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের আক্তার মোল্লা অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলার কারণেই বাবুল মারা গেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেকুর রহমান মামলা করেছেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। আক্তার মোল্লা নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সকালে গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত চিকিৎসকদের খোঁজ নেন।