কালীগঞ্জে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু গুলিবিদ্ধ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় গতকাল সোমবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের বনদস্যু জিয়া বাহিনীর সাবেক সদস্য ফজলুল হক (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। তবে ফজলুল হক অভিযোগ করেন, পুলিশ তাঁকে ধরে নিয়ে গুলি করেছে।
ফজলুল হেকর বাড়ি উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামে। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ ও শ্যামনগর থানায় অস্ত্র ও ডাকাতির অভিযোগে চারটি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখের ভাষ্য অনুযায়ী, মৌতলা গ্রামের নামাজগড় এলাকায় কয়েকজন বনদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ গতকাল ভোররাতে সেখানে পৌঁছামাত্র তাদের লক্ষ্য করে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায়, তিনি সুন্দরবনের বনদস্যু জিয়া বাহিনীর সক্রিয় সদস্য ফজলুল হক। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা ও একটি দা উদ্ধার করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, ফজলুল হকের বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁর অবস্থা গুরুতর নয়।
সকালে এই প্রতিবেদক সদর হাসপাতালে গেলে ফজলুল হক দাবি করেন, তিনি একসময় জিয়া বাহিনীর সদস্য ছিলেন। বর্তমানে বরিশালে ইটভাটায় কাজ করেন। কয়েক দিন আগে তিনি বাড়ি এসেছেন। রোববার বেলা ১১টার দিকে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং সারা দিন কালীগঞ্জ থানায় নিয়ে আটকে রাখে। গতকাল ভোরের দিকে পুলিশ তাঁর চোখ বেঁধে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাঁর বাঁ পায়ে গুলি করে।