কালো ধোঁয়ার জন্য রডনির্মাতাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো ধোঁয়া নির্গত করে বায়ু দূষণের দায়ে নগরের নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর অ্যানফোর্সমেন্ট অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করে।
অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক অভিযানে নেতৃত্ব দেন। অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, প্রতিষ্ঠানটির বায়ুদূষণরোধকারী প্লান্ট থাকলেও সেটি চালু না রেখে পরিবেশ দূষণ করে যাচ্ছিল। প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এমএস রড প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটি থেকে নির্গত কালো ধোঁয়ায় বায়েজিদ বোস্তামী ও আশপাশের এলাকায় অন্ধকার দেখতে পান তাঁরা। প্রতিষ্ঠানটিকে গতকাল অধিদপ্তরে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে গতকাল এই জরিমানা ধার্য করেন অধিদপ্তরের পরিচালক। অবিলম্বে কালো ধোঁয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।