কালোবাজারে খাদ্যশস্য বিক্রির দায়ে দুই খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যগুদামের খাদ্যশস্য কালোবাজারে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে দুই খাদ্য নিয়ন্ত্রককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই অভিযোগে গতকাল মঙ্গলবার মামলা করার পরপরই ময়মনসিংহ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা খাদ্যগুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে রাজবাড়ীর বালিয়াকান্দির উপ-খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়) কাজী হাসিবুল হাসান এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল জলিল।

দুদকের সূত্র বলেছে, ওই দুই খাদ্য কর্মকর্তা পরস্পর যোগসাজশে করিমগঞ্জ খাদ্যগুদামের ১ হাজার ১৮৩ বস্তা খাদ্যশস্য কালোবাজারে বিক্রি করে ২০ লাখ ২২ হাজার ৬৩৪ টাকা আত্মসাৎ করেন।

এদিকে রংপুর থেকে দুই ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ক্র্যাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ রফিক চৌধুরী ও রফিকুল ইসলাম খন্দকার। তাঁদের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি ও লালমনিরহাট থানায় দুটি করে চারটি মামলা রয়েছে। ২০১৩ সালে ওই চারটি মামলা হয়।