কালো রংটাই কি সব?
কিশোরগঞ্জের সাধনকালী গ্রামের মেয়ে পাপিয়া। স্বামী আশিকুল হক নিজের পছন্দে বিয়ে করেন পাপিয়াকে। কিন্তু কালো বলে তাঁকে বউ বলে মেনে নিতে পারেননি শ্বশুরবাড়ির লোকজন। শাশুড়ি সব সময় বলতেন, ‘বউ কালো, এর সন্তানও হবে কালো।’ পাপিয়ার স্বামীও ধীরে ধীরে বদলে গেলেন।
পাপিয়ার ওপর অত্যাচার শুরু যৌতুক নিয়ে। তাঁর দরিদ্র মা-বাবার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হয়নি। এতে বেড়ে যায় অত্যাচার। সন্তান কালো হবে বলে প্রথমবারই গর্ভপাত ঘটানো হয়। এরপর আবার সন্তানসম্ভবা হন পাপিয়া। এবারও গর্ভপাত করার জন্য চাপ দেন আশিকুল। কিন্তু কিছুতেই রাজি হন না পাপিয়া। একদিন পারিবারিক ঝগড়ার একপর্যায়ে শাশুড়ি-দেবর মিলে পাপিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার ছয় দিন পর মারা যান পাপিয়া। সূত্র: জনকণ্ঠ
শুধু পাপিয়া নন, গায়ের রং কালো বলে দেশের অনেক নারীকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়া, বড় বোনকে বাদ দিয়ে ছোট বোনকে পছন্দ করা, শ্বশুরবাড়িতে অত্যাচার, শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, বন্ধুদের খ্যাপানোসহ হাজারো উদাহরণ আছে। তা ছাড়া গায়ের রং কালো হলে বিয়েতে যৌতুকের পরিমাণও বেড়ে যায়। কারণ, সমাজে প্রচলিত অর্থে সুন্দর বলতে কেবল গায়ের রং ফরসা হওয়াকেই বোঝায়।
একটি মেয়ে প্রাকৃতিকভাবেই কালো বা ফরসা হয়ে জন্মায়। এতে এই মেয়েটির কোনো দোষ নেই। চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, চামড়ার কোষে মেলানিন নামক রঞ্জক পদার্থ বেশি থাকায় গায়ের রং কালো হয়। মেলানিনের মাত্রা বেশি থাকায় কালো হলেও এর কিন্তু অনেক সুবিধা। কালো গায়ের রঙের মেয়েদের চর্ম ক্যানসার হওয়ার ঝুঁকি ফরসা মেয়েদের থেকে অনেক কম। অথচ এ দেশের সামাজিক প্রেক্ষাপটে গায়ের রং ময়লা বা কালো একটি মেয়ের জন্য অভিশাপের মতো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক বলেন, বিজ্ঞাপনে দেখা যায়, একটি মেয়ে চাকরি পাচ্ছে না। রং ফরসাকারী ক্রিম মেখেই চাকরিটি পেয়ে যাচ্ছে। এটি বহু বছরের প্রচলিত বিশ্বাসকে আরও পোক্ত করে ফেলছে। এ জায়গাগুলোতে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি আরও বলেন, চিন্তাভাবনার এই জায়গা থেকে শুধু পুরুষকে নয়, নারীকেও বের হয়ে আসতে হবে। একজন পুরুষের মনে রাখতে হবে, নারীকে কেবল শারীরিক সৌন্দর্য নয়, তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত মর্যাদার মাপকাঠিতে অন্তর্ভুক্ত করতে হবে। আর নারীকেও এই বর্ণবাদের বৈষম্যমূলক আচরণের প্রতি সচেতন হতে হবে।
সমাজের বিশিষ্টজনরা বলছেন, নারীর মানসিক সৌন্দর্যকে মূল্যায়ন করতে হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, একজন মানুষের মূল সৌন্দর্য তার বুদ্ধিমত্তা।
এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, এ সময়ে এসে গায়ের রং নিয়ে কথা বলা একটি বোকামি। একজন নারীকে গায়ের রং নয়, তাঁর মেধা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, আচার-আচরণ দিয়ে বিচার করতে হবে। পুরুষকে এই জায়গায় অবশ্যই মানসিকতার পরিবর্তন আনতে হবে যে সুন্দর মানে ফরসা নয়। পাশাপাশি নারীদেরও মানসিক শক্তিতে বলীয়ান হতে হবে।