ঈদ শেষে ফিরতি রেলযাত্রীদের বিড়ম্বনা এখনো কমেনি নীলফামারীর সৈয়দপুরে। ঢাকা-চিলাহাটি পথে একমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে ঈদে যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত একটি কোচ জুড়ে দেওয়া হয়। তবুও সংকট কাটছে না। টিকিট কালোবাজারিদের হাতে চলে গেছে বলে অভিযোগ করে যাত্রীরা।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, রংপুর বিভাগে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন সৈয়দপুর। এ স্টেশনের ওপর দিয়ে রাজশাহী, খুলনামুখী একাধিক ট্রেন চললেও ঢাকার পথে চলাচল করে মাত্র একটি। এটির নাম নীলসাগর এক্সপ্রেস। এই ট্রেনে গুরুত্বপূর্ণ সৈয়দপুর রেলওয়ে স্টেশনের জন্য আসন বরাদ্দ রয়েছে শোভন চেয়ার কোচে ১২০টি, শীতাতপনিয়ন্ত্রিত স্নিগ্ধা চেয়ার কোচে ২৫টি, শীতাতপনিয়ন্ত্রিত ১০টি বাথ (শয়ন আসন) ও শীতাতপবিহীন ৬টি বাথ।তবে ঈদুল আজহা উপলক্ষে কর্তৃপক্ষ ওই ট্রেনে অতিরিক্ত একটি কোচ জুড়ে দেয়। এ কোচটি নীলসাগর ট্রেনে ২০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এর ফলে সৈয়দপুরের জন্য আরও ১৮টি আসন বরাদ্দ মেলে। সব মিলিয়ে ট্রেনটিতে সৈয়দপুরের জন্য আসন বরাদ্দ ১৭৯টি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আসা একাধিক যাত্রীর অভিযোগ, নীলসাগরে সৈয়দপুরের যাত্রীদের জন্য যথেষ্ট আসন বরাদ্দ থাকলেও নিয়মতান্ত্রিক উপায়ে সংগ্রহ করতে পারছে না যাত্রীরা। ঈদ শেষে ফিরতি যাত্রীরা কাউন্টারের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছে না। ১০ থেকে ১২ জন যাত্রী টিকিট পায়। বাকিগুলো চলে যায় কালোবাজারিদের হাতে। কালোবাজারিরা প্রতিদিন সারিতে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে। পরে তাদের কাছ থেকে চড়া দামে টিকিট সংগ্রহ করে যাত্রীরা।
নীলসাগর ট্রেনের যাত্রী সৈয়দপুর কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মোস্তফা ফিরোজ গত বৃহস্পতিবার অভিযোগ করেন, স্টেশনে যথেচ্ছভাবে টিকিট কালোবাজারি হচ্ছে। কাউন্টারের একশ্রেণির কর্মচারী যান্ত্রিক উপায়ে অনলাইনে টিকিটের সংকট সৃষ্টি করছেন। অথচ ওই টিকিটগুলো ঠিকই চলে যাচ্ছে কালোবাজারিদের হাতে। ফলে টিকিট পাচ্ছে না সাধারণ যাত্রীরা। তিনি নিজেও ঢাকা যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে গিয়ে পাননি। তিনি আরও অভিযোগ করেন, সৈয়দপুরের জন্য বরাদ্দ টিকিট আশপাশের অন্যান্য স্টেশন থেকে সংগ্রহ করছে যাত্রীরা। অন্যান্য স্টেশন পাসওয়ার্ড কীভাবে পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসব কারসাজি বন্ধের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ছাত্র ফেরদৌস আলম বলেন, ‘পাঁচ দিন ধরে সৈয়দপুর স্টেশনের টিকিট কাউন্টারে একটা টিকিটের জন্য লাইনে দাঁড়াচ্ছি। কিন্তু এখন পর্যন্ত ঢাকা যেতে পারিনি। কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট শেষ হয়ে গেছে। এত টিকিট যাচ্ছে কোথায় পাল্টা প্রশ্ন করেন তিনি।’
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আলমগীর হোসেন বলেন, ‘অন্য জনপদ থেকে যাত্রী এসে সৈয়দপুরে টিকিট সংগ্রহ করলে তাকে কীভাবে চিহ্নিত করবেন? টিকিট কালোবাজারির প্রশ্নই ওঠে না।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান স্বীকার করেন, স্টেশনে টিকিট কালোবাজারি হচ্ছে ঠিকই। তবে কৌশল ভিন্ন। ফলে কালোবাজারিদের সহজে চিহ্নিত করা যাচ্ছে না। তিনি বলেন, ইতিপূর্বে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ ওই কালোবাজারিদের ধরতে অভিযান চালান। এ ধরনের অভিযান বারবার চালানো উচিত বলে তিনি মনে করেন।