বরিশালের গৌরনদী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির জন্য নিযুক্ত ১৪ জন ডিলারই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা। কয়েকজনের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। দুজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে ১ হাজার ৯০৫ জন, বার্থীতে ১ হাজার ৮৩৮, চাঁদশীতে ৭৫৭, মাহিলাড়ায় ১ হাজার ৮৭, বাটাজোরে ১ হাজার ৬৫২, নলচিড়ায় ১ হাজার ৬৫২ এবং সরিকল ইউনিয়নে ১ হাজার ৬৬০ জন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন। তাঁদের ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল দিতে ১৪ জন ডিলার নিযুক্ত করা হয়েছে।
দলীয় সূত্র নিশ্চিত করেছে, এ ১৪ জনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা। নিজ নিজ ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক প্রদীপ কুমার দত্ত ও যুবলীগের সহসম্পাদক ফরিদ হোসেন; বার্থীতে আ.লীগের সমাজসেবা সম্পাদক গণেশ চন্দ্র বাড়ৈ ও যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল আজিজ ব্যাপারী; চাঁদশীতে ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুবুর রহমান ও আ.লীগের সহসভাপতি আশিকুর রহমান; মাহিলাড়ায় আ.লীগের সহসভাপতি জালাল হোসেন ও যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সহিদুল ইসলাম, বাটাজোরে আ.লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম সিকদার ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসলাম এবং সরিকল ইউনিয়নে আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রত্তন ব্যাপারী ও ছাত্রলীগের সভাপতি হিরণ হোসেন। এ ছাড়া নলচিড়া ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুম মল্লিক ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জাকির হোসেন ডিলার হয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা খাদ্য কর্মকর্তা বি এম শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়নে ডিলারশিপের জন্য দরখাস্ত আহ্বান করেছি। পরে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন কমিটির সুপারিশ ও সিদ্ধান্ত মোতাবেক ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কে কোন দলের বা পদের তা বিবেচনায় নেওয়া হয়নি।’
এদিকে বিভিন্ন ইউনিয়নে চাল বিক্রি নিয়ে নানা অনিয়মের পাওয়া গেছে। এর মধ্যে সরিকল ইউনিয়নের ডিলার হিরণ হোসেন ও রত্তন ব্যাপারীর ডিলারশিপ বাতিল করা হয়েছে।
উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী বলেন, ডিলার হিরণ ও রত্তন খাদ্যগুদাম থেকে ১০ টন করে ২০ টন চাল উত্তোলন করে স্থানীয় এক চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। অবশ্য বিষয়টি জানাজানি হলে পরবর্তী সময়ে তাঁরা বাজার থেকে চাল কিনে সুবিধাভোগীদের কাছে বিক্রি করেছেন।
খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম বলেন, কালোবাজারে চাল বিক্রিসহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হিরণ ও রত্তন ব্যাপারীর ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের ডিলার জালাল হোসেন গত শনিবার সকালে মাহিলাড়া বাজারে সুবিধাভোগীদের কাছে চাল বিক্রি করছিলেন। বেলা ১১টায় এ প্রতিবেদক ঘটনাস্থলে যান। এ সময় দেখা যায়, প্রতি কার্ডের বিপরীতে ৩০ কেজির পরিবর্তে ২৭ কেজি ৮০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছে। এর কারণ জানতে চাইলে, ডিলার জালাল বলেন, ঘাটতি পূরণের জন্য চাল কিছুটা কম দেওয়া হয়েছে। অবশ্য উপস্থিত কার্ডধারীদের চাপের মুখে পরে তাঁদের ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
একইভাবে বাটাজোর ইউনিয়নের ডিলার বুলবুল ইসলাম ও নলচিড়ার ডিলার মাসুম মল্লিকের বিরুদ্ধে চাল কম দেওয়া এবং বাটাজোর ইউনিয়নের ডিলার আবুল কালামের বিরুদ্ধে কালোবাজারে বিক্রির অভিযোগ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা। পরে চালবঞ্চিত হওয়ার আশঙ্কায় তাঁরা নাম প্রকাশ করতে চাননি। তবে তিন ডিলারই এই অভিযোগ অস্বীকার করেন।
ইউএনও মো. মাহবুব আলম বলেন, নীতিমালার ব্যত্যয় ঘটালে কোনো ডিলারকেই ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।