কালোবাজারে শস্য বিক্রি, খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যগুদামের উদ্বৃত্ত খাদ্যশস্য বাজেয়াপ্ত না করে কালোবাজারে বিক্রি করে আত্মসাতের অভিযোগে দুই খাদ্য নিয়ন্ত্রককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই অভিযোগে আজ মঙ্গলবার মামলা করার পরপরই ময়মনসিংহ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা খাদ্যগুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে রাজবাড়ীর বালিয়াকান্দির উপখাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়) কাজী হাসিবুল হাসান এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (বর্তমানে কিশোরগঞ্জের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক) মো. আবদুল জলিল।

সূত্র জানায়, ওই দুই খাদ্য কর্মকর্তা পরস্পর যোগসাজশে করিমগঞ্জ খাদ্যগুদামের উদ্বৃত্ত ১ হাজার ১৮৩ বস্তা খাদ্যশস্য বাজেয়াপ্ত না করে কালোবাজারে বিক্রি করে ২০ লাখ ২২ হাজার ৬৩৪ টাকা আত্মসাৎ করেন।

রংপুর থেকে দুই ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ক্র্যাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ রফিক চৌধুরী ও রফিকুল ইসলাম খন্দকার। এঁদের বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি ও লালমনিরহাট থানায় দুটি করে চারটি মামলা রয়েছে। ২০১৩ সালে ওই চারটি মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, কাস্টমস অফিসের কোনো বিল না থাকলেও রংপুর জেলা হিসাবরক্ষণ অফিস থেকে কর্মকর্তাদের সহায়তায় সরকারি চেক ইস্যু করে ৪ কোটি ২০ লাখ ৫০ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করেন।