কাশবনে লন্ডনপ্রবাসীর লাশ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার তুরাগ থানার ষোলহাটির কাশবন থেকে গতকাল সোমবার রাতে মো. জালাল উদ্দিন (৫৫) নামের একজন লন্ডনপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে তুরাগ থানায় জালাল উদ্দিনের বড়ভাই শাহজাহান সরকার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জালালের ব্যক্তিগত গাড়িচালক বাবুল হোসেনকে (৩০) আসামি করা হয়েছে।

জালাল উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের দক্ষিণ চরমুসুরা গ্রামে। সাড়ে তিন মাস আগে তিনি বাংলাদেশে আসেন। লাশের ময়নাতদন্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জালালের স্বজনদের দাবি, জালাল লন্ডন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রাজধানীর মতিঝিলে আসার জন্য গাড়িচালকের সঙ্গে যোগাযোগ করেন। ১০ সেপ্টেম্বর গাড়িচালকের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।