কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারি, আহত ১
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মধ্যে মারামারির ঘটনায় হাফিজুর রহমান ওরফে ভুট্টা নামের এক বন্দী আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে কাশিপুর কারাগার পার্ট-২-এ এ ঘটনা ঘটে।
হাফিজুর রহমান ময়মনসিংহের সদর এলাকার জালাল উদ্দিনের ছেলে। তাঁকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেলার নাশির আহমেদ প্রথম আলোকে জানান, বিকেলে বন্দীরা কারাগারের ভেতরে মাঠে খেলাধুলা ও হাঁটাচলা করেন। একপর্যায়ে রুবেল নামের এক বন্দী ও হাফিজুর রহমান নামের অপর এক বন্দীর মধ্যে মারামারি ঘটনা ঘটে। একপর্যায়ে বন্দী রুবেল অপর বন্দী হাফিজুর রহমানের গালে ব্লেডজাতীয় ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করেন। পরে হাফিজুর রহমানকে রক্তাক্ত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে পূর্ববিরোধ থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশিমপুর কারাগার থেকে হাফিজুর রহমান নামের এক বন্দীকে চিকিৎসার জন্য আনা হয়। তাঁর ডান ও বাঁ গালে প্রায় ৩ ইঞ্চি লম্বা রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বন্দী হাফিজুর রহমান হাসপাতালে প্রথম আলোকে জানান, ওই কারাগারের কয়েদি রুবেল তাঁকে অন্য কয়েদি দিয়ে মারধর করিয়েছেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, আর কিছু তাঁর মনে নেই।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।’