গাজীপুরের কাশিমপুর কারাগারের স্টাফ ও কারারক্ষীদের রেশনের গম নেওয়ার সময় পিকআপের এক চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম মো. সেলিম মিয়া। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে কারারক্ষীদের রেশনের সাড়ে তিন টন গম শনিবার বিকেলে একটি পিকআপে করে বাইরে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ কোনাবাড়ী এলাকায় পিকআপটি জব্দ করে। এ সময় পিকআপের চালক সেলিম হোসেনকে আটক করা হয়।
সেলিম হোসেন বলেন, কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. রুকন উজ্জামান সাড়ে তিন টন গম টঙ্গীর ব্যবসায়ী মাসুদ মোল্লার কাছে পৌঁছে দেওয়ার জন্য তাঁর পিকআপটি ভাড়া নেন। শনিবার বিকেলে গমগুলো কারাগার থেকে পরিবহন করতে গিয়ে কোনাবাড়ী এলাকায় সালনা হাইওয়ে থানার পুলিশ পিকআপসহ তাঁকে আটক করে।
সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার বলেন, কারাগার থেকে গম পাচার হচ্ছে—এমন খবর পেয়ে ওই পিকআপের সাড়ে তিন টন গম জব্দ করা হয়। পিকআপের চালককেও আটক করা হয়।
কারারক্ষী রুকন উজ্জামান বলেন, কাশিমপুরের চারটি কারাগারের সুপার, জেলার, সুবেদার, সার্জনসহ সংশ্লিষ্ট স্টাফরা প্রতি মাসে চাল, ডাল, চিনি, গম, তেল রেশন হিসেবে পান। তাঁদের অনেকেই নিজেদের প্রয়োজনের অতিরিক্ত এসব পণ্য বাইরে বিক্রি করে দেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘রেশন হিসেবে তাঁদের কারা স্টাফদের পরিবারে সদস্যসংখ্যার ওপর ভিত্তি করে প্রতি পরিবারকে ন্যূনতম ১২ কেজি গম, ১২ কেজি চাল ছাড়াও পর্যাপ্ত পরিমাণ তেল, চিনি, ডাল দেওয়া হয়। তাঁরা নিজেদের প্রয়োজনীয় পরিমাণ রেখে অতিরিক্ত মালামাল বিক্রি করে দেন। এটা অন্যায় বা অবৈধ কি না, তা আমার জানা নেই।’ একই ধরনের কথা বলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গমগুলো উদ্ধার করে জয়দেবপুর থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।