কাশিমপুরে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সারাবো এলাকায় গত শনিবার গভীর রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে ভুক্তভোগীরা জানান। 

এলাকাবাসী সূত্র জানায়, সারাবো এলাকারসানোয়ার হোসেনের বাড়িতে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুখোশ পরা ১৮-২০ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে। পরে অস্ত্রের মুখে সানোয়ার হোসেনকে জিম্মি করে তাঁকে নিয়ে পাশের বাড়ির মোসলেম উদ্দিনকে ডেকে তোলে ডাকাতেরা। এরপর তারা মোসলেমের বাড়ির সবাইকে জিম্মি করে ১ লাখ ৩০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ ও দুটি মুঠোফোন সেট লুটে নেয়।

ওই রাতেই গ্রামের সফিকুল ইসলাম ও দুলাল উদ্দিনের বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণসহ মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ফাঁড়ির এসআই হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ডাকাতির শিকার পরিবারের সদস্যরা মামলা করতে চাইলে ওই এসআই মামলা না করার পরামর্শ দেন।

তবে এসআই হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাটি ডাকাতি বলে মনে হয়নি। এ ছাড়া ওই ঘটনায় কেউ মামলা করতে আসেনি। কেউ এলে মামলা নেওয়া হবে।’