কাশিমপুরের জেল সুপারকে হুমকি
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপারকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে গতকাল বুধবার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগারের বন্দীদের নিয়ে একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ওই কারাগারের বন্দী পিচ্চি হেলালসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে দেশের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়। এরপরই কারাগারের জেল সুপার মো. মিজানুর রহমানকে মুঠোফোন থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়।
জেল সুপার মিজানুর রহমান বলেন, তাঁকে একাধিকবার ফোন করে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতারা তাঁকে বলেন, কেন বন্দীদের অন্য কারাগারে পাঠানো হয়েছে? এ জন্য তাঁকে (জেল সুপার) ও তাঁর পরিবারকে খেসারত দিতে হবে। এ ছাড়া কারা মহাপরিদর্শক মো. ইফতেখার উদ্দিনকেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় কারা মহাপরিদর্শক গত মঙ্গলবার রাতেই ঢাকার চকবাজার থানায় একটি জিডি করেছেন। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, কারা কর্তৃপক্ষ গতকাল বিকেলে হুমকির বিষয়ে ডিডি করেছে। বিষয়টি তাঁরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।