গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রানী বেগম (৩৫) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রানীর শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
একই দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিপা আক্তার নামের (২৫) নামের এক গৃহবধূর শরীর তাঁর স্বামী সিগারেটের আগুন দিয়ে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিপা আক্তার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত রানী বেগমের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কাশিয়ানীর ঘোনাপাড়া গ্রামের ইয়াছিন তাঁর খালাতো বোন ফুকরা ইউনিয়নের ছোটবাহিরবাগ গ্রামের হান্নান মল্লিকের মেয়ে রানী বেগমকে বিয়ে করেন। তাঁদের ১২ ও ৮ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে।
রানীর চাচা পান্নু মিয়া জানান, এক বছর আগে ৭৫ হাজার টাকা দিয়ে শ্বশুরবাড়ি থেকে ইয়াছিনকে একটি করিমন কিনে দেওয়া হয়। সম্প্রতি ওই টাকা পরিশোধ করতে বললে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ইয়াছিনের বিরোধের সৃষ্টি হয়। পান্নু মিয়া অভিযোগ করেন, ওই বিরোধের জের ধরে ইয়াছিন কয়েক দফায় রানীকে মারধর করেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ইয়াছিন ও তাঁর পরিবারের লোকজন রানীকে পিটিয়ে হত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা রানীকে মৃত অবস্থায় কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রেখে পালিয়ে যান।
পলাতক থাকায় ইয়াছিন ও তাঁর পরিবারের কোনো সদস্যের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গতকাল দুপুরে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রানীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নির্যাতিত গৃহবধূ নিপার পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১২ সালে মতলব উত্তর উপজেলার উদ্দমদী গ্রামের আরশাদ মোল্লার সঙ্গে একই উপজেলার চরমাছুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নিপা আক্তারের বিয়ে হয়। নিপার পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই আরশাদ যৌতুকের জন্য নিপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত রোববার রাতে আরশাদ উত্তেজিত হয়ে নিপাকে লাথি মেরে মাটিতে ফেলে বুকে ও পেটে ঘুষি মারেন। এরপর সিগারেটের আগুন দিয়ে তাঁর হাত-পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেন। নিপার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আরশাদ পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় নিপাকে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।