কাশিয়ানীতে স্বাস্থ্য কেন্দ্রে ডাকাতি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ডাকাতি হয়েছে। ডাকাতেরা উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তাকে মারধর করে বেঁধে রেখে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
গত মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ফুকরা ইউপি ভবন কমপ্লেক্সসংলগ্ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দোতলায় উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা তোফাজ্জেল হোসেন থাকতেন।
তোফাজ্জেল বলেন, রাতে চারজন তরুণ ভবনের পেছনের লোহার গেট ভেঙে ভেতরে ঢোকে। পরে একটি কাঠের দরজা ভেঙে কক্ষে ঢুকে তাঁকে মারধর করে হাত, পা ও মুখ বেঁধে রাখে। ডাকাতেরা একটি সরকারি ল্যাপটপ, একটি ব্রেসলেট ও দুটি আংটিসহ এক ভরি ওজনের সোনার অলংকার, নগদ আট হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গতকাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।