কাশিয়ানীতে ঘরবাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর ও অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পোনা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় জড়িত এক অস্ত্রধারীকে ধরিয়ে দিতে পারলে তাঁকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৬ মার্চ উপজেলার পোনা এম এ খালেক মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে বেলুন ওড়ানোর ঘটনাকে কেন্দ্র করে পোনা কলেজপাড়া এলাকার মো. সনেটের (৩০) সঙ্গে পোনা মধ্যপাড়া এলাকার বাবুল মোল্লার হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়।
এরই জের ধরে গতকাল সকাল ১০টার দিকে সনেটের নেতৃত্বে ১০-১৫ তরুণ পোনা মধ্যপাড়া গ্রামে প্রবেশ করেন।
এ সময় সনেট আগ্নেয়াস্ত্র (পিস্তল) উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে বাবুল মোল্লা ও তাঁর প্রতিবেশী ইব্রাহিম মোল্লার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান।