কাশিয়ানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছুরিকাঘাতে বরকতউল্লাহ প্রিন্স নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
তার এক সহপাঠী এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এর কারণ জানা যায়নি।
বরকতউল্লাহ উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ও জোতকুরা গ্রামের হানিফ মোল্যার ছেলে।
বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক সজল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন শিক্ষার্থী বরকতউল্লাহকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিদ্যালয়ের লাইব্রেরিতে নিয়ে আসে। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে বরকতউল্লাহর লাশের ময়নাতদন্ত হয়। এরপর পুলিশ লাশটি তার স্বজনদের হাতে তুলে দেয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বেলা দেড়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে রামদিয়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. বাদী আবদুল্লাহ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বরকতউল্লাহ গতকাল সকালে স্কুলে যায়। পরে তার সহপাঠী শাহ আলম সিকদার বিদ্যালয়ের অদূরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।