কাশিয়ানীতে নাতনিকে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মৃত্যুর ভয় দেখিয়ে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার নানার ভাইয়ের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ব্যাপারে ওই ব্যক্তির (৬০) বিরুদ্ধে মেয়েটির নানা বাদী হয়ে একটি নালিশি আবেদন করেছেন। আদালত কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, সম্প্রতি ওই ব্যক্তি চাকরি থেকে অবসর গ্রহণের পর কাশিয়ানী উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে এসে বসবাস শুরু করেন।
গত ৩০ এপ্রিল রাত ১১টার দিকে তিনি কৌশলে মেয়েটির ঘরে ঢুকে তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এলে তিনি পালিয়ে যান। এ ব্যাপারে মেয়েটির নানা গতকাল গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি আবেদন করেন।
মেয়েটির নানা বলেন, ৪-৫ বছর আগে মেয়ের মৃত্যুর পর তিনি নাতনিকে তাঁর কাছে রেখে লালনপালন করছিলেন। তাঁর
নাতনি একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
তিনি আরও বলেন, ‘পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর আমার ছোট ভাই (অভিযুক্ত ব্যক্তি) বাড়িতে এসে বসবাস শুরু করে। ভাই হয়ে সে আমার এতিম শিশু নাতনির এত বড় সর্বনাশ করবে, তা আমি ভাবতেও পারি না। আমি তার বিচার চাই।’