কাশিয়ানীতে প্রতারণা করে বিয়ে, গ্রেপ্তার ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতারণা করে বিয়ে ও সালিসের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার রাতে কাশিয়ানী থানায় মামলাটি করেন এক তরুণীর মা। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ফুকরা ইউনিয়নের সরাইরকান্দি গ্রামের পঙ্কজ মল্লিক (২৮) ও আবদুল হালিম খাঁকী (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পঙ্কজ মল্লিক ধর্ম ও পরিচয় গোপন করে ঢাকার সাভারের এক নারীকে (২২) বিয়ে করেন। তাঁরা সাভারের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। পরে পঙ্কজ সেখান থেকে পালিয়ে সরাইকান্দি গ্রামে আসেন। ২৪ মে পঙ্কজের স্ত্রী তাঁর অভিভাবকদের নিয়ে এ গ্রামে আসেন। পরদিন বিষয়টি নিয়ে সোহরাব শেখের বাড়িতে সালিস বসে। পাশের বেথুড়ী ইউপির চেয়ারম্যান ইনায়েত হোসেন মিয়া সালিস পরিচালনা করেন। সালিসে পঙ্কজ ও তাঁর ছোট ভাইকে জুতাপেটা এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। দুই ভাইকে জুতাপেটা করেন আবদুল হালিম খাঁকী।
ইনায়েত হোসেন বলেন, এলাকার সব লোকের সামনে বিচার হয়েছে। চার লাখ টাকা জরিমানা করা হয়েছে ওই নারীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আর তিনি যেন পঙ্কজের জীবন থেকে সরে যান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পঙ্কজ ও হালিম খাঁকীকে গ্রেপ্তার করে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।