কাশিয়ানীতে 'বন্দুকযুদ্ধে সন্ত্রাসী' গুলিবিদ্ধ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সনেট নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার চাপতা বালুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ সনেট তালিকাভুক্ত সন্ত্রাসী।
সনেট ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন পিস্তল ঠেকিয়ে তাঁর ডান পায়ে গুলি করেছেন। তবে আলী নূর হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, তালিকাভুক্ত সন্ত্রাসী সনেটের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা এবং ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। ওই বন্দুকযুদ্ধে উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
সনেট কাশিয়ানী উপজেলা সদরের সন্ধ্যা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে।
ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কাশিয়ানী সদরের সন্ধ্যা বাজার এলাকা থেকে সন্ত্রাসী সনেটকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাত সোয়া একটার দিকে তাঁকে নিয়ে উপজেলার চাপতা এলাকার বালুর মাঠে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা সনেটের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সনেটের ডান পায়ে গুলি লাগে। বন্দুকযুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই গণেশ, কনস্টেবল মাসুদ ও ফরহাদ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ সনেটকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। সনেটের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সনেট প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে ওসি আলী নুর হোসেন আমাকে হাত ও চোখ বেঁধে গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। একপর্যায়ে চাপতা এলাকায় বালুর মাঠে আমাকে গাড়ি থেকে নামিয়ে মাটিতে শুয়ে দেয়। পরে সে আমার বুকের ওপর উঠে বলেন, আজ তোর শেষ দিন, অস্ত্র কোথায় আছে বলে দে, না হলে তোকে ক্রসফায়ার দেব। যদি অস্ত্র দিয়ে দিস তাহলে তোর প্রাণ ভিক্ষা দেব। এরই একপর্যায়ে ওসি নিজেই পিস্তল ঠেকিয়ে আমার ডান পায়ে গুলি করেন। আবার তিনি আমার বাম পায়ে গুলি করতে গেলে আমি তাঁকে জড়িয়ে ধরি ও প্রাণ ভিক্ষা চাই।’ সনেট বলেন, বালুর মাঠে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে মাত্র।
সনেটের মা বেবী বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে অপরাধ করলে প্রচলিত আইনে যে বিচার হয় আমরা তা মেনে নেব। কিন্তু আমার ছেলেকে গুলি করে পঙ্গু করে দেওয়ার অধিকার কোন আইনে আছে?’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
তবে সনেটের পায়ে গুলি করার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, বন্দুকযুদ্ধের সময় সনেটের সহযোগীদের গুলিতে সনেট আহত হন।