কাহারোলে কালীমন্দিরে হামলা, ভাঙচুর, লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর গ্রামের সিংড়া কালীমন্দিরে গতকাল বৃহস্পতিবার ভোরে বোমা ফাটিয়ে মন্দিরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা প্রতিমা ভাঙচুর ও মন্দিরের স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় মন্দিরের পুরোহিতসহ চারজন সেবায়েত আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি বোমা উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীপূজা উপলক্ষে গত বুধবার সারা রাত মন্দির প্রাঙ্গণে পালাগানের আসর বসে। আসর চলাকালে ভোর রাতে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক মন্দির প্রাঙ্গণে ঢুকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। মুহূর্তের মধ্যে পালাগানের আসর ভেঙে যায়। আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করে।
এ সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কুড়াল দিয়ে প্রতিমার মাথা ভেঙে প্রতিমার গায়ে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও ১০ কেজি রুপা লুট করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা রামদা দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। এতে মন্দিরের সেবায়েতসহ চারজন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন মন্দির কমিটির সভাপতি ননী গোপাল দেবশর্মা (৪০), সেবায়েত আষাঢ়ু বর্মণ (৬৫), ধুনাই বর্মণ (৬০), রঞ্জিত কুমার রায় (৫০)। আহত ব্যক্তিদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায় বলেন, মন্দিরে হামলা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় এলাকায় মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার রায় বলেন, খবর পাওয়ার পর গতকাল সকালে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে মত বিনিময় করেন। দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইউএনও রবিউল ফয়সাল ঘটনাটিকে ডাকাতি বলে অভিহিত করেন। তিনি বলেন, ডাকাতেরা মন্দিরে প্রবেশকালে দুটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে এলে চারজনকে কুপিয়ে আহত করে সোনা-রুপা লুট করে পালিয়ে যায়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান, দূর্বৃত্তরা ডাকাতি শেষে স্থানীয় ঢেপা নদী পার হয়ে বীরগঞ্জ উপজেলার শালবাগানের দিকে চলে গেছে বলে পুলিশের ধারণা। হিন্দু সম্প্রদায়ের পবিত্র কালি পুজার রাত এবং ঘন অন্ধকারের কারণে ডাকাতদের পিছু নিতেও কেউ সাহস করেনি বলে তিনি জানান। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি হাতে তৈরী বোমা উদ্ধার করেছে। উদ্ধারকৃত বোমাগুলো থানায় এনে নিসিক্রয় করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে। মন্দির কমিটির পক্ষ থেকে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে বলে তিনি জানান।