কাহালু ও দুপচাঁচিয়ায় অনিয়মের অভিযোগে ১৮৮৭ কার্ড বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় হতদরিদ্র ব্যক্তিদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে ১ হাজার ৮৮৭টি কার্ড বাতিল করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে হতদরিদ্র ব্যক্তিদের নাম বাদ দিয়ে সচ্ছল পরিবারের লোকজনের নামে এসব কার্ড দেওয়া হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কাহালুর নয় আর দুপচাঁচিয়ার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ১৫ হাজার ৬৬টি কার্ড বিতরণ করা হয়। এর মধ্যে কাহালুতে ৮ হাজার ৩৩৪ এবং দুপচাঁচিয়ায় ৬ হাজার ৭৩২টি কার্ডের তালিকা করা হয়। তালিকানুযায়ী কার্ড পাওয়া লোকজন গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল কেনেন।

খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রতিনিধিরা তাঁদের পছন্দের লোকজনের নামে তালিকা তৈরি করায় বাদ পড়ে হতদরিদ্র ব্যক্তিদের নাম। বাদপড়া হতদরিদ্র ব্যক্তিরা ইউএনওর কাছে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে প্রথম আলোতে গত ২৬ অক্টোবর ‘কাহালুতে কার্ড বিতরণে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে দুই উপজেলার ইউএনও বিতরণ করা কার্ড যাচাই-বাছাই শুরু করেন। পরে দুপচাঁচিয়ায় ৭৪৬ এবং কাহালুতে ১ হাজার ১৪১টি কার্ড বাতিল করা হয়। বাতিল করা কার্ডগুলো পরে হতদরিদ্র ব্যক্তিদের নামে দেওয়া হয়।

কাহালুর ইউএনও আরাফাত রহমান বলেন, প্রথম পর্যায়ে জনপ্রতিনিধিরা এ কার্ডের গুরুত্ব না বুঝে হতদরিদ্র ব্যক্তিদের নাম বাদ দিয়ে অবস্থাসম্পন্ন ব্যক্তিদের নামে দিয়েছিলেন। অভিযোগ পেয়ে যাচাই-বাছাইয়ের পর নতুন করে হতদরিদ্র ব্যক্তিদের তালিকা করে তৃতীয় কিস্তির চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দুপচাঁচিয়ার ইউএনও শাহেদ পারভেজ বলেন, ‘শুধু তালিকা সংশোধন করা হয়নি, ১০ টাকা কেজি চাল বিক্রির ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নেওয়া ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডি এম সাখাওয়াত বলেন, নতুন করে তালিকা সংশোধন করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সতর্ক করে দেওয়া হয়েছে।