বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজের বাড়ি ও দোকানে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে ককটেল বিস্ফোরণ ও মারপিটের ঘটনায় দোকানের ব্যবস্থাপক জাহিদুর রহমান (৩৪) গুরুতর জখম হয়েছেন। হেলাল উদ্দিন কবিরাজ এ হামলার জন্য যুবলীগ ও শ্রমিক লীগকে দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যুবলীগ ও শ্রমিক লীগের কয়েকজন নেতা-কর্মী প্রথমে হেলাল উদ্দিন কবিরাজের বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়ির কাচের জানালা, মোটরসাইকেল ও কয়েক গজ দূরে তাঁর দোকান ভাঙচুর করেন। দোকানের ব্যবস্থাপক জাহিদুরকে রড ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। এরপর ছাত্রলীগ ও শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালানো হয়। জাহিদুর রহমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বলেন, হেলাল উদ্দিন কবিরাজের ছেলে সুরুজ আলী তাঁর দলবল নিয়ে প্রথমে অতর্কিতভাবে তাঁদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। সভাপতির কাছে অভিযোগ দিলে তিনি পাল্টা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন।