কাহালুতে দম্পতি ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলার নয়াপাড়া গ্রামে গত শুক্রবার রাতে এক দম্পতি ছুরিকাহত হয়েছেন। তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামের শ্রমিক মোফাজ্জল হোসেন (৪৬) ও তাঁর স্ত্রী আঙ্গুরি বেগম (৩৮) শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এ সময় তাঁদের বাড়ির কাছেই একই গ্রামের কয়েকজন নেশা করছিল। একপর্যায়ে মোফাজ্জল তাদের নেশা করতে বারণ করেন। এতে নেশাখোররা ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে মোফাজ্জলের স্ত্রী এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই গ্রামবাসী নেশাখোরদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম ছিদ্দিকী বলেন, আহত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।