কাহালুতে বাবার বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ
বগুড়ার কাহালুতে সাদিয়া আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী খুন হয়েছে। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না হওয়ায় বাবাই মেয়েটিকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খুনের পরপরই মেয়েটির বাবা শফিউল আলম পালিয়ে গেছেন।
কাহালু সদর ইউনিয়নের মহেশপুর গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। সাদিয়া আক্তার শফিউল আলমের একমাত্র মেয়ে। সে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গত সোমবার রাতে তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
গতকাল মঙ্গলবার সাদিয়া আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায়, মা সালমা বেগম মেয়ের ছবি বুকে নিয়ে শোকে পাথর হয়ে আছেন। প্রতিবেশীরা তাঁর মাথায় পানি ঢালছেন। আর পরিবারের অন্য সদস্যরা সাদিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে মুখ খুলতে নারাজ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাশের ইউনিয়নের পাবহারা গ্রামের এক ছেলের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে ওই ছেলের সঙ্গে সে পালিয়েও গিয়েছিল। পরে শফিউল আলম বুঝিয়েসুজিয়ে মেয়েকে গত বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসেন। এরপর নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য মেয়েকে চাপ দিতে থাকেন তিনি। সাদিয়া অস্বীকৃতি জানালে গত রোববার রাতে বাবা-মেয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত শফিউল ধারালো অস্ত্র দিয়ে মেয়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এর পরই শফিউল বাড়ি ছেড়ে পালান।
কাহালু থানার ওসি নূর এ আলম ছিদ্দিকী বলেন, মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার বাবাকে পাওয়া যায়নি। থানায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। বগুড়া জেলা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান মুঠোফোনে বলেন, মেয়েটির বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।