কাহালুতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশের অভিযান
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট গ্রামে গত শুক্রবার রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে থানা-পুলিশ। তাঁদের না পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন পরিবারের সদস্যরা।
নারহট্ট ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম রাজুর স্ত্রী তহমিনা আকতার সিদ্দিকা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করেন, ঘটনার রাতে কাহালু থানার ১৪-১৫ জন পুলিশ তাঁদের বাড়িতে তল্লাশি করেন। এ সময় নেতাদের না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির আসবাবপত্র ও রান্নাঘরের চুলা ভেঙে দেয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, বগুড়া-নওগাঁ সড়কে যানবাহন চলাচলে তাঁরা বাধা দেয় ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে। তবে তাঁদের অপকর্ম আড়াল করার জন্য নিজেরাই এ ধরনের কাণ্ড ঘটিয়ে পুলিশের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।