কিছু কলেজ বাড়তি টাকা আদায় করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে এবারও একাদশ শ্রেণির ভর্তিতে ঢাকার কয়েকটি কলেজে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। কোনো কোনো কলেজ সর্বোচ্চ ফির দ্বিগুণ কিংবা তারও বেশি টাকা আদায় করছে।
চার দফায় পিছিয়ে রোববার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর এখন কলেজগুলোতে ভর্তি চলছে। ভর্তি-প্রক্রিয়া শেষ হবে কাল বৃহস্পতিবার। তবে বিলম্ব ফিসহ ভর্তির শেষ সময় ২৬ জুলাই।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এলাকাভেদে সেশন চার্জসহ সব মিলিয়ে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা আছে। এ ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত কলেজে পাঁচ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। তবে যেসব কলেজে এমপিওভুক্ত নন এমন শিক্ষক রয়েছেন, সেখানে বাংলা মাধ্যমে নয় হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। এমন কলেজগুলো আংশিক এমপিও হিসেবে পরিচিত। এর বাইরে এমপিওভুক্ত নয় এমন কলেজ সর্বোচ্চ ১০ হাজার টাকার বেশি নিতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। তবে তিনি বলেন, এসব কলেজ উন্নয়ন ফি বাবদ সর্বোচ্চ তিন হাজার টাকা বাড়তি নিতে পারবে।
এমপিওভুক্ত না হলেও ঢাকা সিটি কলেজে যাদের ব্যবহারিক বিষয় আছে, তাদের ভর্তি ফি নেওয়া হচ্ছে ২২ হাজার ২৯২ টাকা। আর ব্যবহারিক বিষয় ছাড়া ভর্তি ফি ২১ হাজার ৬৯২ টাকা।
গতকাল কলেজটির সামনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকেরা ভর্তির কাজ নিয়ে ব্যস্ত। বসার জায়গা না থাকায় অনেকে ফুটপাতে বসেই ভর্তির কাজ করছিলেন। একজন শিক্ষার্থীর বাবা অসহায় ভঙ্গিতে বললেন, ‘ভর্তির টাকাটা অনেক বেশি। কী আর করা যাবে। এখন সরকার যদি কিছু করে।’
আরেকজন অভিভাবক বলেন, যে নিয়ম কলেজগুলো মানে না, সেই ‘ফালতু’ নিয়ম করে লাভ কী?
অবশ্য কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান খান প্রথম আলোকে বলেন, যে ফি নেওয়া হচ্ছে, সেটা যৌক্তিক। কারণ, তাদের প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ শীতাতপনিয়ন্ত্রিত হওয়ায় বিদ্যুতের খরচ বেশি। শিক্ষকদের বেতন-ভাতাও বেশি।
মাইলস্টোন কলেজ ইংরেজি ভার্সনে প্রায় ৩০ হাজার ও বাংলা মাধ্যমে ২৩ হাজার টাকা নিচ্ছে। তবে ফি কত সেটা বলতে পারেননি অধ্যক্ষ।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে মোট আসন ৫০০। এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানে ভর্তি ফি নেওয়া হচ্ছে নয় হাজার টাকা। তবে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানে এমপিওভুক্ত নন এমন শিক্ষকও আছেন।
সরকারি নীতিমালা অনুযায়ী মফস্বল বা পৌর (উপজেলা) এলাকার কলেজগুলো ভর্তি বাবদ এক হাজার, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার ও ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় তিন হাজার টাকা নিতে পারবে।
কিন্তু ভোলা সরকারি কলেজে নেওয়া হচ্ছে ৩ হাজার ৪৭০ টাকা। তবে ছাত্রীদের কাছ থেকে এর চেয়ে ২১০ টাকা কম নেওয়া হচ্ছে। এ বিষয়ে অধ্যক্ষ পারভীন আক্তার দাবি করেন, সরকার-নির্ধারিত ফির চেয়ে বেশি নিচ্ছেন না।
অভিযোগ আছে, এর আগেও অনেক কলেজে ভর্তিতে বেশি টাকা আদায় করলেও শিক্ষা মন্ত্রণালয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি। ফলে এবারও বেশি টাকা আদায় করা হচ্ছে। তবে কয়েক বছর ধরে পত্রপত্রিকায় লেখালেখির কারণে বাড়তি টাকা নেওয়ার প্রবণতা কিছুটা কমেছে।
এ বিষয়ে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এবার এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা ঠিক যে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে এই সংস্কৃতি চলে আসার কারণে এমনটা হয়।
(প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর ভোলা প্রতিনিধি)