কিছুই বের করতে পারল না পুলিশ

পোড়া মবিল ছিটিয়ে বাংলা নবর্বষের দেয়ালচিত্র কারা নষ্ট করেছিল, এক বছর ধরে তা রহস্যই থেকে গেল। গত বছরের ১১ এপ্রিল রাতের অন্ধকারে চট্টগ্রাম নগরের বাদশা মিঞা সড়কের সামনে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নষ্টের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের কাউকেই পুলিশ খুঁজে বের করতে পারেনি। সারা দেশে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনার রহস্য উদ্ঘাটনে এখন আর আগ্রহই নেই পুলিশের।
চট্টগ্রাম নগরের বাদশা মিঞা সড়কে চারুকলা ইনস্টিটিউটের অবস্থান। ইনস্টিটিউটের সামনের দেয়ালে বাংলা ১৪২৪ সাল বরণ উপলক্ষে ৩০০ ফুট দীর্ঘ দেয়ালচিত্র এঁকেছিলেন চারুকলার শিক্ষার্থীরা। বর্ষবরণের দুদিন আগে কে বা কারা পোড়া মবিল ঢেলে প্রায় ৫০ ফুট দেয়ালচিত্র নষ্ট করেছিল। দেয়ালচিত্রের মূল বিষয় ছিল লোকজ সংস্কৃতি। এ ঘটনার পর চট্টগ্রামসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবিতে সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা বিক্ষোভ করেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনার কোনো ক্লু (সূত্র) বের করা যায়নি। আসলে যথাযথ তদন্ত হয়েছে কি না তাও জানি না। তখন সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছিল পুলিশ। কিছু বের করা গেলে ভালো হতো। তাহলে হামলাকারীরা ভয় পেত। তবে প্রতিক্রিয়াশীলদের ভয়ে কোনো কাজ বন্ধ হবে না।’
ঘটনার পর চট্টগ্রাম নগরের চকবাজার থানায় চারুকলা ইনস্টিটিউট কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছিলেন।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, একটা জিডি হয়েছিল। তদন্তে কিছু পাওয়া যায়নি। কারা এটা করেছে তাও বের করা যায়নি। ফুটেজে স্পষ্ট করে কিছু বোঝা যায়নি।
পুলিশ আন্তরিক হলে কোনো ঘটনা অনুদ্ঘাটিত থাকে না বলে মন্তব্য করেছেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, দেয়ালচিত্রে হামলার ঘটনা উদ্ঘাটন করে একটি বার্তা দেওয়া দরকার ছিল। যারা বাঙালি সংস্কৃতির বিপক্ষে, সরকারের অবস্থান তাদের বিরুদ্ধে। দোষীদের চিহ্নিত করতে না পারা দুর্ভাগ্যজনক।
এদিকে বাংলা পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে চট্টগ্রামে এবারও দেয়ালচিত্র, আলপনা ও মুখোশ তৈরির কাজ শুরু করেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানের ৪০ বছর পূর্তি হচ্ছে বলে জানান নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হবে এমন আশা সংস্কৃতিকর্মীদের।