কিডনি নেওয়ার পর ঠাঁই হতো বুড়িগঙ্গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিডনি পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি l প্রথম আলো
কিডনি পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি l প্রথম আলো

কিডনি কেনাবেচা ও পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাজধানীর শাহবাগ ও গাবতলী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই সময় এই চক্রের প্রলোভনে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন আবদুল জলিল, শাকিল আহমেদ, রাব্বি, দিহান ও আশিকুর রহমান।
পুলিশ জানায়, রক্ত দেওয়া হলে বিনিময়ে ২০ হাজার টাকা দেওয়া হবে বলে প্রলোভন দিয়ে মাহবুবুর রহমান শান্তকে এবং আবু হাসানকে সিএনজিচালিত অটোরিকশা কেনার লোভ দেখিয়ে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসেন কিডনি পাচার চক্রের সদস্যরা। পাচারকারীদের পরিকল্পনা ছিল, কিডনি অপসারণের পর তাঁদের হত্যার করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। এ জন্য লঞ্চের একটি সিটও আগাম ভাড়া নেওয়ার কথা চিন্তা করেছিলেন তাঁরা।
আটক করা পাঁচজন এবং উদ্ধার হওয়া দুজনকে গতকাল শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আনা হয়। এ সময় যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এই চক্রটি অনেক দিন ধরে কিডনি কেনাবেচা করছিল। বিভিন্ন কিডনি রোগীকে টার্গেট করে তাঁদের কাছে এসব কিডনি বিক্রি করা হতো। ভুয়া কাগজপত্র দিয়ে কলকাতার একটি হাসপাতালে গিয়ে এসব কিডনি প্রতিস্থাপন করা হতো বলেও তাঁরা জানতে পারেন। তিনি বলেন, কিডনি অপসারণ আইনানুযায়ী অপরাধ। তবে কেউ তাঁর আত্মীয়কে কিডনি দিতে পারেন। এ ঘটনায় রাজধানীর কোনো চিকিৎসক ও ক্লিনিক জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
মনিরুল ইসলাম বলেন, গত রোববার আবু হাসান নামের এক যুবকের কিডনি নেওয়ার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসেন কিডনি কেনাবেচা চক্রের সদস্য আবদুল জলিল। কিডনির বিনিময়ে জলিল আবু হাসানকে সিএনজিচালিত অটোরিকশা কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশ গাবতলী থেকে জলিলকে গ্রেপ্তার করে এবং আবু হাসানকে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরে জলিলের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করে। সেখান থেকেও মাহবুবুর রহমান শান্ত নামের এক তরুণকে উদ্ধার করা হয়।
উদ্ধার দুই ব্যক্তির একজন আবু হাসান প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার ইদারগাঁও গ্রামে। প্রায় দুই মাস আগে আবদুল জলিল তাঁকে কিডনি বিক্রির প্রস্তাব দেন। বিনিময়ে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হবে বলে আশ্বাস দেন। আবু হাসান বলেন, প্রথমে তিনি কিডনি বিক্রি করতে রাজি হননি। কিন্তু পরে নিজের অভাবের কথা চিন্তা করে রাজি হন। সে অনুযায়ী তিনি গত পরশু জলিলের সঙ্গে ঢাকায় আসেন।