কিডনি পাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কেন্দ্রে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আবদুল জলিল, শেখ জাকির ইবনে আজিজ ওরফে শাকির, আশিকুর রহমান ওরফে জেবিন, ফজলে রাব্বি ও জিহান রহমান। তাদের কাছ থেকে দুটি চেতনানাশক ইনজেকশন ও সিরিঞ্জ, একটি ধারালো ছোরা ও একটি তোয়ালে উদ্ধারের দাবি ডিবির।
সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, কিডনি ক্রয়-বিক্রয় চক্রের দালাল আবদুল জলিল জয়পুরহাট থেকে কিডনি বিক্রির জন্য আবু হাসান নামের এক যুবককে নিয়ে ঢাকায় আসার পথে গাবতলীতে গ্রেপ্তার হন। আবু হাসান বলেন, একটি কিডনির বিনিময়ে জলিল তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসেন। পরে জলিলের তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির পাশের এলাকা থেকে মাহাবুবুর রহমান শান্ত নামের একজনকে উদ্ধার করে ডিবি পুলিশ। কিডনির বিনিময়ে কিছু দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে আনা হয়েছিল। একই স্থান থেকে কিডনি পাচার চক্রের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আশিকুর রহমান ওরফে জেবিন বলেন, মাত্র ২০ হাজার টাকার লোভে তিনি রক্ত দেওয়ার কথা বলে তাঁর পূর্বপরিচিত মাহাবুবুর রহমান শান্তকে নিয়ে এসেছেন। গ্রেপ্তার হওয়া শেখ শাকির বলেন, তিনি চার লাখ টাকার বিনিময়ে তাঁর অন্য সহযোগী আশিক, ফজলে রাব্বি ও জিহানকে নিয়ে শান্তকে ইনজেকশন দিয়ে অচেতন করে কিডনি অপসারণের জন্য আন্তর্জাতিক দালাল চক্রের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও বলেন, কিডনি অপসারণের পর শান্তকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনাও তাদের ছিল এবং তিনি নিজেই এই পরিকল্পনা করেছিলেন।