কিরিচসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের সিজিএস কলোনি এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় গত বুধবার দিবাগত রাতে জালাল নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান বলেন, ‘মঙ্গলবার বিকেলের ওই পাল্টাপাল্টি হামলার ঘটনার সময় জালালের হাতে কিরিচ ছিল। আমরা সিজিএস কলোনি এলাকা থেকে তাকে চারটি কিরিচ ও দুটি রডসহ গ্রেপ্তার করি।’
এদিকে মঙ্গলবারের ঘটনার সময় অস্ত্র হাতে থাকা শাহীনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ প্রসঙ্গে ওসি বশির বলেন, ‘আগ্নেয়াস্ত্রধারী শাহীনকে আমরা খুঁজে পাচ্ছি না।’
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে গত মঙ্গলবার সিজিএস কলোনি এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।