কিশোর প্রেমের নির্মম পরিণতি
বগুড়ার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী রহিমা খাতুন ওরফে মুনি (১৬)। মাস ছয়েক আগে ভালোবেসে ঘর বেঁধেছিল পাশের বেরুঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমন মিয়ার (১৫) সঙ্গে। কিন্তু গত বুধবার বিকেলে রহিমাকে জীবন দিয়ে কিশোর প্রেমের মূল্য দিতে হয়েছে।
স্বামীর অবাধ্য হয়ে কলেজে যাওয়ায় ক্ষুব্ধ হয় সুমন। রাগে, ক্ষোভে রহিমাকে গলায় ওড়না পেঁচিয়ে সে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া থানা-পুলিশ উপজেলার বেরুঞ্জ গ্রামের সুমনের নানা আবু বক্কর সিদ্দিকের বাড়ি থেকে রহিমার লাশ উদ্ধার করেছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘রহিমার পরিবার বিষয়টিকে হত্যা দাবি করলেও সুমনের পরিবার বিষয়টিকে আত্মহত্যা দাবি করছে। এ কারণে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনে হত্যা মামলা হবে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দৌলতপুর গ্রামের আবদুর রহিমের মেয়ে রহিমা খাতুন পড়ালেখা করত দুপঁচাচিয়ার বেরুঞ্জ উচ্চবিদ্যালয়ে। বেরুঞ্জ গ্রামে নানাবাড়িতে থেকে একই বিদ্যালয়ে পড়ালেখা করে দুপচাঁচিয়ার বরুড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে সুমন মিয়া। এ সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রহিমা এ বছর এসএসসি পাস করে ভর্তি হয় দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজে। অন্যদিকে সুমন ওঠে দশম শ্রেণিতে। কিশোর প্রেমের বাঁধভাঙা আবেগে পরিবারের অবাধ্য হয়ে মাস ছয়েক আগে তারা বিয়ে করে। কোনো পরিবার থেকে এ বিয়ে মেনে না নেওয়ায় সুমন নববধূকে নিয়ে ওঠে নানা আবু বক্করের বাড়িতে। কিন্তু বিয়ের পর সুমন বাদ সাধে রহিমার কলেজে যাতায়াতে। কিন্তু রহিমাও নাছোড়বান্দা, পড়ালেখা ছাড়বে না। এ নিেয় বিয়ের পর থেকে সুমনের সঙ্গে রহিমার দাম্পত্য কলহ দেখা দেয়। সুমন কারণে–অকারণে রহিমার ওপর শারীরিক নির্যাতন চালাত।