কিশোরকে গাছে বেঁধে পিটুনি, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে গত রোববার এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত ওই কিশোরের নাম কামাল হোসেন (১৪)। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কুলাউড়া গ্রামের বাসিন্দা। গত বুধবার রাতে কামালের বড় ভাই তাজুল ইসলাম পাঁচজনকে আসামি করে মামলা করেন।
পুলিশ রাতেই দক্ষিণ কুলাউড়া গ্রামের মাসুক মিয়া (২৬) ও নোয়াডর গ্রামের মোস্তফা মিয়াকে (৪০) গ্রেপ্তার করে।
তাজুল ইসলাম অভিযোগ করেন, কামাল দক্ষিণ কুলাউড়া গ্রামে কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। গ্রামের ইসমাইল (২২) নামের এক তরুণের কাছে সে এক হাজার টাকা পেত। রোববার দুপুরে ইসমাইল একটি মুঠোফোন নিয়ে কামালের কাছে যান। এরপর কামালকে ওই ফোন বিক্রি করে পাওনা টাকা নিয়ে নিতে বলেন। কিছুক্ষণ পর তিনি (ইসমাইল) গ্রামের মাসুক মিয়াকে সঙ্গে নিয়ে এসে বলেন, মুঠোফোনটি মাসুক মিয়ার, কামাল সেটি চুরি করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর মাসুক মিয়ার বাড়ির উঠানের একটি বরই গাছের সঙ্গে মোস্তফা, মাসুক, ইসমাইল ও কদ্দুছ রশি দিয়ে কামালকে বেঁধে ফেলেন। প্রায় এক ঘণ্টা ধরে তাকে লাঠি ও গাছের ডাল দিয়ে পেটানো হয়। খবর পেয়ে কামালের এক আত্মীয় গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার বিকেলে কামালকে বাড়িতে আনার পর তাজুল ইসলামের কাছে এক লোক নির্যাতনের ভিডিওচিত্র নিয়ে আসেন। তিনি রাতে ওই ভিডিওচিত্র নিয়ে থানায় যান। পরে মোস্তফা, মাসুক, মাসুকের বাবা আবুল হাসেম, ইসমাইল ও কদ্দুছকে আসামি করে মামলা দায়ের করেন।