কিশোরগঞ্জে অটোচালক নেত্রকোনায় গৃহবধূ খুন
কিশোরগঞ্জের করিমগঞ্জে গত বুধবার রাতে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নেত্রকোনায় এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মঞ্জিল মিয়া (৪২) ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের কিতু সরকার (২২)।
করিমগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া এলাকায় গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে পুকুর পাড়ে গলা কাটা অবস্থায় মঞ্জিলকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি জীবিত ছিলেন। স্থানীয় লোকজন তাঁকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে করিমগঞ্জের শিমুলতলা বাজার থেকে কয়েকজন গুজাদিয়া যাওয়ার জন্য মঞ্জিলের অটোরিকশাটি ভাড়া করে। পরে কাইকুরদিয়া এলাকায় মঞ্জিলকে খুন করে। তবে তাঁর অটোরিকশাটি ও পকেটের টাকাপয়সা নেয়নি দুর্বৃত্তরা। মঞ্জিলের গলায় ও বুকে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলেন, জাল্লাবাদ গ্রামের এক কলেজপড়ুয়া মেয়ে ঈদের কয়েক দিন আগে মঞ্জিলের ভাতিজা সাইকুল মিয়ার সঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে মেয়ের স্বজনেরা সাইকুলসহ কয়েকজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। মঞ্জিলের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ও পুলিশ জানায়, কিতুর সঙ্গে তাঁর স্বামী সৈকত সরকারের প্রায়ই ঝগড়া হতো। গত বুধবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকালে বাড়ির লোকজন কিতুর ঘরে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় সৈকত ঘরে ছিলেন না। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় গতকাল সকালে নিহতের বাবা নির্মল চন্দ্র কর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সৈকতসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। পুলিশ তাঁকে ওই দিন সকালে গ্রেপ্তার করে। খালিয়াজুরী থানার ওসি রমিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিতুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।