কিশোরগঞ্জে অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপহরণের দুই দিন পর সাকিবুল হাসান ওরফে টুটুল (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের সড়কের পাশে একটি ডোবা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
সাকিবুল স্থানীয় চারকাওনা আবদুল আওয়াল মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। বাড়ি উপজেলার চরকাউনা গ্রামে।
পরিবার ও পুলিশ জানায়, গত মঙ্গলবার শিশুটি স্কুলে যায়। ছুটি হলে সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বের হলেও সে বাড়ি ফেরেনি। ওই দিন বিকেল পর্যন্ত সাকিবুলের খোঁজ না পেয়ে সন্ধ্যার দিকে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। ওই দিন রাতেই সাকিবুলের মায়ের মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ওই ব্যক্তি নিজেকে অপহরণকারী পরিচয় দিয়ে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। অপহরণের কথা জানতে পেরে সাকিবুলের বাবা কামাল উদ্দিন রাতেই পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ পরদিন বুধবার ভোরে চরকাউনা গ্রামের দুলাল মিয়া, শিপন মিয়া, সোহাগ মিয়া ও ডালিম মিয়া নামের চার ব্যক্তিকে আটক করে। গতকাল সকাল ছয়টার দিকে গ্রামের সড়কের পাশের ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ সাকিবুলের মৃতদেহ শনাক্ত করে। সাকিবুলের বাবা কামাল উদ্দিন বলেন, ‘টাকা দাবি করা হলেও কোথায় নিয়ে যেতে হবে, তা বলা হয়নি।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, আটক ব্যক্তিরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।